ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাময়িকভাবে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়া নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। গত ৭ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, ২১ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত এর মেয়াদ থাকার কথা ছিল। তবে পরে সময়সীমা পরিবর্তন করে এটি আরও কিছু সময় বাড়ানো হয়।
সোমবার ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুদ্ধবিরতিটি স্থানীয় সময় বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত কার্যকর হিসেবে বিবেচনা করছেন তিনি। ট্রাম্প সতর্ক করে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো চূড়ান্ত সমঝোতা বা চুক্তি না হয়, তাহলে যুদ্ধবিরতি আর বাড়ানোর সম্ভাবনা খুবই কম।
অন্যদিকে, মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, বুধবার রাত ৮টায় (ইস্টার্ন টাইম) আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা রয়েছে। এটি আন্তর্জাতিক সময় অনুযায়ী পরদিন মধ্যরাত এবং ইরানের স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোরে শেষ হবে।
এদিকে ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের বৈঠকের সম্ভাবনা থাকলেও ইরান সেখানে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।
বর্তমানে হরমুজ প্রণালিতে দুই পক্ষের সামরিক উত্তেজনা এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।


